কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিকেদক:
পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা করেছে বনদস্যুরা। এ সময় বনরক্ষীদের গুলিতে দস্যুরা পালিয়ে যাওয়ায় তাদের সেই চেষ্টা পণ্ড হয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দ্য ওয়েভ ২’-এ ডাকাতির চেষ্টা চালানো হয়।
সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় একটি বনদস্যু দলের সদস্যরা ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে কটকা খালের সাগর মোহনায় নোঙর করা ‘দ্য ওয়েভ ২’ জাহাজের দিকে এগিয়ে আসছিল। বিষয়টি সাগরে থাকা জেলেদের নজরে পড়লে তারা তাৎক্ষণিক মোবাইল ফোনে বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত নিজেদের বোট নিয়ে দস্যুদের ধাওয়া করেন। একপর্যায়ে দস্যুদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন বনরক্ষীরা। গুলির মুখে দস্যুরা ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়।
বর্তমানে ‘দ্য ওয়েভ ২’সহ অপর পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকা এলাকায় নিরাপদে অবস্থান করছে। জাহাজ দুটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের আসার ঘটনা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে এমন ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। দস্যুদের দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাত্রিকালীন টহল জোরদার ও চালু করা জরুরি।

আপনার মতামত লিখুন